দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মোট ৭৯৬ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহভাজন হামজনিত কারণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৩ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জন শিশু মারা গেছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৮ জনে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৮৪ হাজার ৮৯৯ জনে, আর সব মিলিয়ে হাম ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ৬৪৮ জন।