দেশের ওপর আগামী ১৮ জুন থেকে একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যা টানা অন্তত ১২ দিন স্থায়ী থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (১৩ জুন) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বর্ষাকালের এই বৃষ্টিবলয়টি ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এর প্রভাব থাকতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারি বৃষ্টিপাত হতে পারে।
সংগঠনটি আরও জানায়, এটি বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায় ঝড় ও বজ্রপাত তুলনামূলক কম থাকতে পারে। তবে কিছু এলাকায় দমকা হাওয়া ও এলোমেলো বায়ুপ্রবাহের কারণে বিচ্ছিন্নভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
বুলেটিনে আরও বলা হয়, এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।