ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৩ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এখনও সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত ৩৩ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২২১ জন। ধ্বংসস্তূপ ও ভূমিধসে আটকে পড়াদের সন্ধানে উদ্ধারকারীরা কাজ চালিয়ে গেলেও বারবার আফটারশক এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।
ভূমিকম্পে মিন্দানাও অঞ্চলে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্র ও আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছেন। প্রাথমিক হিসাবে, প্রায় ৯ হাজার বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ৩৬ হাজারের বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ঘরবাড়ি, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেনারেল সান্তোস সিটি ও সারাঙ্গানি প্রদেশে জরুরি অবস্থা জারি করে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে সরকার।