ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের একটি স্থায়ী কৌশলগত সম্পদ এবং এর ওপর দেশটির অধিকার ও নিয়ন্ত্রণ যেকোনো মূল্যে রক্ষা করা হবে।
মঙ্গলবার (১৯ মে) মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালী কেবল বাণিজ্যিক নৌচলাচলের পথ নয়, বরং এটি ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক শক্তির গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এ ক্ষেত্রে অন্য কোনো পক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলে ইরান পিছু হটবে না এবং কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এছাড়া তিনি জানান, সম্প্রতি হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ন্ত্রণে নতুন একটি ব্যবস্থা চালু করেছে ইরান। এর আওতায় নির্ধারিত রুট ব্যবহারকারী জাহাজগুলোকে সেবা গ্রহণের জন্য ফি প্রদান করতে হবে।
আজিজির দাবি, এই নতুন ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়ক হবে।