আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সম্ভাব্য হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এক বিশ্লেষক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহামাদ এলমাসরি এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ট্রাম্প প্রশাসনের ভেতরের কিছু নীতিনির্ধারক ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
এই বিশ্লেষকের মতে, যুদ্ধের মাধ্যমে ইরানকে নতজানু করা বা আলোচনায় আনা—ট্রাম্পের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হয়নি। একইসঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পথও কার্যকর হচ্ছে না। এমনকি সাম্প্রতিক আন্তর্জাতিক সফরগুলোতেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এলমাসরি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত বন্ধ করাই ট্রাম্প প্রশাসনের জন্য তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত হতে পারে। কারণ এই উত্তেজনা রাজনৈতিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।