ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি স্লিপার বাসের ভেতরে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি সোমবার (১১ মে) রাতে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিত নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় বসবাস করেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্তদের শনাক্তে অভিযান শুরু করেছে। এ ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআরও দায়ের করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাত প্রায় ১১টার দিকে কর্মস্থল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে সরস্বতী বিহার বাসস্ট্যান্ডের কাছে একটি স্লিপার বাসের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চান তিনি। এ সময় তাকে জোর করে বাসের ভেতরে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। পরে বাসটি নাগলোই এলাকার দিকে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন ও গণধর্ষণ করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দিল্লিজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এ ঘটনাকে ২০১২ সালের বহুল আলোচিত নির্ভয়া ঘটনার পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।