২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন অতিরিক্ত সময় নষ্ট না হয় এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেমিস্টার অনুযায়ী ভর্তি প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়—সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে গত বুধবার (১৩ মে) মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অংশ নেন। অংশীজনদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।