যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবিত চুক্তির জবাব ইরান পাঠানোর পর তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে গেছে।
সোমবার (১১ মে) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের জবাবকে অগ্রহণযোগ্য উল্লেখ করার কিছুক্ষণের মধ্যেই তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়। এতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৮ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ০৬ ডলারে এবং ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৯৭ ডলারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে গত সপ্তাহে ওয়াশিংটন একটি শান্তি প্রস্তাব তেহরানে পাঠায়। ইরান তার জবাব দিলেও তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
এদিকে রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে জেপি মর্গানের অর্থনীতি বিভাগের প্রধান ব্রুস কাসমান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলে অনিশ্চয়তার কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তার মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সামনে এই অস্থিরতা আরও বাড়তে পারে।