পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
রাই কর্মকার ওই এলাকার মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে। তিনি গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে রাই বাসায় ফিরে আসে। পরে পরিবারের সদস্যরা বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে পরিবার বা পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।