পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের শাসনামল নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, গত ১০০–২০০ বছরে ব্রিটিশরা যে পরিমাণ লুটপাট চালিয়েছে, তার চেয়েও বেশি লুটপাট হয়েছে তৃণমূলের ১৫ বছরের ক্ষমতাকালে।
সোমবার (৪ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তার এই মন্তব্য প্রকাশিত হয়।
হুমায়ুন কবির বলেন, “ক্ষমতায় থাকার সময় গত ১৫ বছরে দলটি যে পরিমাণ অনিয়ম ও লুটপাট করেছে, তার ফলাফলই তারা পেয়েছে। তৃণমূলের পরাজয় নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, যা ঘটছে তা প্রত্যাশিতই ছিল। এর বাইরে ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা ছিল না।”
তিনি আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের একজন সদস্যকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছিলেন, যার ফলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং অর্থনৈতিক অনিয়মের ঘটনা ঘটেছে বলে তার দাবি।
এছাড়া তিনি পশ্চিমবঙ্গের জনগণকে তৃণমূলের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ায় গত বছর হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। এদিকে তিনি রেজিনগর ও নওদা আসন থেকে এবার জয়ী হওয়ার পথে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।