চলতি মাসে বিসিবির অ্যাড-হক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন বলে জানা গেছে। এরই অংশ হিসেবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গেও দলের পারফরম্যান্স ও পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন এবং আরও ভালো ক্রিকেট খেলার জন্য আমাদের উৎসাহ দিয়েছেন।
মিরাজ আরও জানান, একই সঙ্গে খেলোয়াড় হিসেবে খেলার অভিজ্ঞতা থাকায় তামিম ইকবাল দলের খেলোয়াড়দের পছন্দ-অপছন্দ ও মানসিকতা ভালোভাবেই বোঝেন, যা ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক হিসেবে কাজ করছে। গত তিন সপ্তাহে দল ভালোভাবে অনুশীলন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে আগামী শুক্রবার (১৭ এপ্রিল) তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, আর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে।