ব্রাজিল জাতীয় দলে নেইমার-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনেও পৌঁছেছে। বিশ্বকাপ স্কোয়াডে তার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে মত দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
সম্প্রতি ‘ব্রাজিল ২৪৭’–কে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তাকে নেইমারের বিষয়ে মতামত জানতে চেয়েছিলেন। জবাবে তিনি জানান, খেলোয়াড়টি যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং পেশাদার মান বজায় রাখতে পারেন, তবে তাকে দলে বিবেচনা করা যেতে পারে।
তিনি আরও বলেন, ফুটবলে দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে থাকতে হলে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি-এর মতো শৃঙ্খলা ও ফিটনেস ধরে রাখতে হয়। সেই মান বজায় রাখতে পারলে নেইমারেরও জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৭ সালের নারী বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। ওই আয়োজন সংক্রান্ত এক অনুষ্ঠানে লুলা ও আনচেলত্তির মধ্যে এই প্রসঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে।