বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ক্রিকেটের মাঠ ছাড়িয়ে নতুন এক জগতে পা রাখতে যাচ্ছেন। ব্যাট-বলের পারফরম্যান্স দিয়ে বিশ্বজুড়ে পরিচিত এই ক্রিকেটার এবার যুক্ত হচ্ছেন সংবাদমাধ্যমের সঙ্গে, সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়।
‘বিয়ন্ড বাংলা’ (Beyond Bangla) নামে একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব, যেখানে তিনি ‘প্রকাশক’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এই প্ল্যাটফর্মে দেশীয় খবরের পাশাপাশি বৈশ্বিক নানা ইস্যু, সমসাময়িক ঘটনা এবং নতুন ট্রেন্ড তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
সাকিবের লক্ষ্য, প্রচলিত ধারার বাইরে গিয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী কনটেন্টের মাধ্যমে একটি আলাদা অবস্থান তৈরি করা। তিনি মনে করেন, অনেক সময় গুরুত্বপূর্ণ খবর সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় না—সেই জায়গা থেকেই এই উদ্যোগের চিন্তা।
এই নতুন যাত্রায় সাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি ও সাংবাদিক জুলফিকার রাসেল। তিনি ‘বিয়ন্ড বাংলা’র সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিজের এই উদ্যোগ নিয়ে সাকিব বলেন, খবর নানা দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হয়, কিন্তু সবসময় প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছায় না। তাই তিনি এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান, যেখানে মানুষ ‘খবরের ভেতরের খবর’ জানতে পারবে।
ক্রিকেটের বাইরের এই নতুন ইনিংসে সাকিব কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।