ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে বলেন, “মমতা দিদি, আপনি এবং আপনার দল যতই চেষ্টা করুন না কেন, স্বামী বিবেকানন্দের এই পবিত্র বাংলার মাটিতে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠিত হলে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কি বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ মেনে নেবেন?” পরে সমাবেশ থেকে জনতার প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করেন অমিত শাহ।