দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। কোনো ধরনের জাঁকজমক ছাড়াই তিনি শৈশবের বান্ধবীর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরাখণ্ডের নিজ জন্মস্থানের একটি নির্জন স্থানে অত্যন্ত সাদামাটা পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জুবিন নটিয়াল এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে নবদম্পতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে জুবিনকে বিয়ের পোশাকে দেখা গেলেও কনের পরিচয় গোপন রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ভালোবাসা দিবসে জুবিন তার ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে একটি অস্পষ্ট ছবি শেয়ার করেছিলেন, যা ঘিরে তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল।
উল্লেখ্য, ২০১১ সালে সংগীত ক্যারিয়ার শুরু করা জুবিন নটিয়াল বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক। ‘তুম হি আনা’, ‘হামনাভা মেরে’, ‘ফির চালা’সহ একাধিক জনপ্রিয় গান দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করেছেন।