নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর পরিপ্রেক্ষিতে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার (৭ এপ্রিল) দায়িত্ব গ্রহণের পর সন্ধ্যায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ বিসিবি কার্যালয়ে তামিমের নেতৃত্বে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরী-কে বিসিবির মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানান সভাপতি। ফলে এখন থেকে বোর্ডের সকল সিদ্ধান্ত ও আপডেট গণমাধ্যমকে তিনি জানাবেন।
প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত নিয়ে তানজিল জানান, ব্যাংক সংক্রান্ত কার্যক্রমে সিগনেটরি নির্ধারণ করা হয়েছে। ম্যানেজমেন্ট থেকে সিইও ও হেড অব ফিন্যান্স থাকবেন এবং বোর্ডের পক্ষ থেকে সভাপতি তামিম ইকবাল ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সিগনেটরি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। এই সময়ের মধ্যেই নতুন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ সময়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ও এসিসি-তে পদাধিকারবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান তানজিল চৌধুরী। তিনি বলেন, প্রস্তুতির বিষয়ে প্রাথমিক আপডেট নেওয়া হয়েছে এবং পরবর্তী সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
নতুন অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।