ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) পুনরায় মাঠে গড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) অ্যাডহক কমিটি। নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল লিগ চালুর কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২টি ক্লাবের সঙ্গে আলোচনা শেষে মে মাসের শুরুতেই সুপার লিগ পর্ব ছাড়াই ডিপিএল শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগের বোর্ডের নেওয়া অবনমন সংক্রান্ত সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোকে অবনমনের ঝুঁকি ছাড়াই খেলার সুযোগ দেওয়া হচ্ছে।
এর আগে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সময় কিছু ক্লাবের অংশগ্রহণ না থাকায় ডিপিএলসহ ঢাকা লিগ কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। প্রথম ও দ্বিতীয় বিভাগের অনেক দল অংশ না নেওয়ায় পূর্ণাঙ্গ লিগ আয়োজন সম্ভব হয়নি।
নতুন কমিটির অধীনে সব ক্লাবকে অংশগ্রহণে রাজি করানোর চেষ্টা চলছে। তবে চারটি ক্লাব এখনো সম্মতি দেয়নি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ১৪টি ক্লাব নিয়ে ভবিষ্যতে প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে। একইভাবে প্রথম বিভাগে ক্লাব সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
এদিকে দ্বিতীয় বিভাগের অংশ না নেওয়া ১২টি ক্লাবকে নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, যাতে খেলোয়াড়দের কার্যক্রম সচল রাখা যায়।
বিসিবি সূত্র আরও জানিয়েছে, এবারের ডিপিএল দ্রুত শেষ করার লক্ষ্যে এক দিনে ছয়টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দলবদল শেষ করে মে মাসের শুরুতেই মাঠে গড়াতে পারে এবারের আসর।