আসন্ন বিশ্বকাপকে ঘিরে ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রায় গুছিয়ে এনেছে ব্রাজিল। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, মে মাসের ১৮ তারিখের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া দলটির জন্য শক্তিশালী রক্ষণভাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আনচেলত্তি।
তিনি বলেন, কেবল আক্রমণভাগের ওপর নির্ভর করে বড় টুর্নামেন্ট জেতা সম্ভব নয়; সফল হতে হলে রক্ষণেও সমান দৃঢ়তা দরকার। এ ক্ষেত্রে দানিলোর মতো অভিজ্ঞ ফুটবলারের ভূমিকা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন ব্রাজিল কোচ।