ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। সফলভাবে যাঁরা ওয়েবফাইল জমা দিতে পারবেন, তাঁদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কার্যক্রম শুরু হবে।
আইভ্যাক আরও জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং এটি ৩০ দিনের বেশি পুরোনো হলে গ্রহণযোগ্য হবে না। কোনো ধরনের পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল জমা দিলে তা বাতিল করা হবে।
এছাড়া মেডিকেল ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত হাসপাতালে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। হাসপাতাল পরিবর্তন করতে হলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
এফআরআরওর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলেও জানানো হয়েছে।