গত এক সপ্তাহে দেশে হামে কোনো নিশ্চিত মৃত্যু হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সময়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে তিনি দাবি করেন।
সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি বিষয়টি পুনরায় উল্লেখ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। সন্দেহভাজন রোগীর সংখ্যাও গত পাঁচ দিনে পাঁচের নিচে রয়েছে।” তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
তিনি দাবি করেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগ ইতোমধ্যে কার্যকর ফল দিচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশে তামাকখাত থেকে যে রাজস্ব আয় হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগের চিকিৎসায়। ফলে এটি স্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।
তিনি জানান, দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ে না উঠলে এই বাজেটের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।
এছাড়া আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শাখায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে বহু মানুষ মারা যান, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়।