যুদ্ধবিরতি কার্যকর আজ রাতেই: ইরানযুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পর সব ফ্রন্টে চলমান সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ইরান। দেশটির দাবি, আজ রাত থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, এই সমঝোতার ফলে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতেরও অবসান ঘটবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হবে।
ইরানি কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘারিবাবাদির বক্তব্য উদ্ধৃত করে জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি নিয়ে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে ইরান যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন। তার দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানি বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে এই সমঝোতা নিয়ে ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তার মতে, চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়নি।