দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাত নিরসনের পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক এই অগ্রগতিতে ভূমিকা রাখা সংশ্লিষ্ট পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করেছে ঢাকা।
এতে আরও বলা হয়, চুক্তিটি সঠিকভাবে বাস্তবায়িত হয়ে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির ভিত্তি তৈরি করবে—এমন প্রত্যাশা বাংলাদেশের।
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব পক্ষকে আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।