সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, তাকে ফেরানোর বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হবে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
দুদক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে।
এর আগে, লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে তাকে ফেরত নেওয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানায়।
উল্লেখ্য, দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর চলতি মাসের ১২ জুন তাকে গ্রেপ্তার করা হয়।