ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফল অর্জনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা, ডা. শফিকুর রহমান-কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, শক্ত প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল ঘোষণার পর তা শান্ত ও মর্যাদার সঙ্গে মেনে নেওয়া গণতান্ত্রিক চর্চাকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়েছে। তিনি বলেন, পুরো নির্বাচনকালজুড়ে রাজনৈতিক শালীনতা, সংযমী বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্বপালনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক সমর্থন, বিভিন্ন নীতিগত বিষয়ে পরামর্শ এবং সহযোগিতার জন্য সরকার কৃতজ্ঞ।
দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু সংকট, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সম্ভাবনা একসঙ্গে উপস্থিত। এ পরিস্থিতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে আরও সুদৃঢ় করতে সরকার ও বিরোধী দল—উভয়ের দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।
তিনি আশা প্রকাশ করেন, শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় ঐক্য প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে ঐক্য সুসংহত করতে যে ভূমিকা রাখা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তাঁর বিশ্বাস। জাতীয় ঐক্যকেই তিনি দেশের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।