নির্বাচন-পরবর্তী সময়ে দেশের কোথাও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে পোস্ট করে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিশেষভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী বা ভিন্নমত পোষণকারী নাগরিকদের ওপর কোনো ধরনের সহিংসতা ঘটলে দ্রুত অভিযোগ জানাতে হবে। অভিযোগ দ্রুত নথিভুক্ত ও যাচাইয়ের জন্য হটলাইন নম্বর হিসেবে দেওয়া হয়েছে—০৯৬৩৯-১১১৪৪৪।
ডা. শফিকুর রহমান অনুরোধ করেন, অভিযোগ জানানোর সময় নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, অভিযোগের ধরন এবং ঘটনার বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করতে।
তিনি আরও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন, আইন নিজের হাতে নেওয়া যাবে না; প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। এছাড়া দেশ-বিদেশের গণমাধ্যমেও বিষয়টি তুলে ধরা হবে।