পবিত্র মাহে রমজানে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েল কর্তৃপক্ষ।
জেরুজালেমের প্রাক্তন গ্র্যান্ড মুফতি ও জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারের এ তথ্য জানান।
শেখ একরিমা সাবরি দুঃখ প্রকাশ করে বলেন, পবিত্র মাহে রমজান মাসে মুসল্লিরা বিশেষ ভাবে ধর্মীয় আবহে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন। এ সময় মুসল্লিদের মসজিদে প্রবেশাধিকার সীমিত করা ইসরায়েলি প্রশাসন পরিকল্পনা করছে। ইতোমধ্যেই আল আকসার প্রাঙ্গণ এবং তার আশেপাশে স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। রমজানে এই নিষেধ প্রানালি আরও কঠোর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই কয়েক ডজন যুবককে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে এবং ঘোষণা করেছে, অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য রমজান মাসে কোনো বিধিনিষেধ শিথিল করা হবে না।
একই ধরেনর তথ্য প্রকাশ করা হয়েছে ইসরায়েলের দৈনিক হারেৎজ পত্রিকায়। সে প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে আল আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে পূর্ব জেরুজালেমে অবশালোম পেলেদ-কে নতুন পুলিশ কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই পরিকল্পনা করা হয়।
এই পদক্ষেপকে ঘিরে আল আকসায় উত্তেজান বাড়ানোর উদ্দেশ্যে অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির-এর পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।