ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নের জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নির্দেশিকার মূল দিকগুলো তুলে ধরেন।
নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ির মালিক অবশ্যই বাসযোগ্য পরিবেশ, ইউটিলিটি সুবিধা, দৈনিক বর্জ্য সংগ্রহ এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। ভাড়াটিয়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দেবেন, এবং বাড়িওয়ালা লিখিত রশিদ দেবেন। ভাড়াটিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।
মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার দুই বছরের মধ্যে বাড়িভাড়া বাড়ানো যাবে না। বাড়িভাড়া নেওয়ার সময় ১-৩ মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন–জুলাই। দুই বছরের পর দ্বিপাক্ষিক আলোচনা বা মানসম্মত নির্ধারণের মাধ্যমে ভাড়া পরিবর্তন করা যাবে। নির্ধারিত সময়ে ভাড়া না দিলে বাড়িওয়ালা ২ মাসের মধ্যে লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদ করতে পারবেন।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, বার্ষিক ভাড়া সংশ্লিষ্ট এলাকার বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না। ভাড়া চুক্তি, অগ্রিম জমা, বাড়ি ছাড়ার সময় ইত্যাদি লিখিতভাবে উল্লেখ করতে হবে। সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে, যেখানে উভয়পক্ষের প্রতিনিধিরা ভাড়া নির্ধারণ ও বিবাদের সমাধান করবেন।