মায়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের বিজি৩৮৯ নম্বর ফ্লাইটে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, থাইল্যান্ডের স্থানীয় এনজিও ‘সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর ভিকটিম অ্যাসিস্ট্যান্স ইন হিউম্যান ট্রাফিকিং’ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক।
দেশে ফেরত কর্মীদের মধ্যে রয়েছেন—মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।
এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মায়ানমার থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন।