বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে সৌদি নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে ২০ মার্চ পর্যন্ত।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজে যেতে চাওয়া সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কেউ হজে যেতে পারবেন না।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীসহ সকল নিবন্ধিত হজযাত্রীকে ২০ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এর পরই তারা সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।