আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার পর তিনি যশোরের জনসভায় যোগ দেবেন। এদিন দুপুর ১২টা থেকে যশোরে এই নির্বাচনি সমাবেশ শুরু হবে।
তারেক রহমানের সফরকে ঘিরে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লা জুড়ে চলছে সাজ সাজ রব। প্রচার মিছিল, পোস্টার-ব্যানারে মুখর হয়ে উঠেছে পুরো শহর। বহুদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
দলীয় সূত্র জানায়, জনসভার জন্য উপশহর কলেজ মাঠকে মূল ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের অবস্থানের জন্য কলেজ মাঠসংলগ্ন ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে সভাস্থলের আশপাশে একাধিক বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হবে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, ২ ফেব্রুয়ারি সকালে বিএনপির চেয়ারম্যান খুলনায় এক জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি সরাসরি যশোর উপশহর কলেজ মাঠে আসবেন। দুপুর ১২টা থেকেই যশোরের জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, তারেক রহমান মঞ্চে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং দলীয় প্রার্থীরা বক্তব্য দেবেন। প্রায় দুই লাখ মানুষের জনসমাগমের লক্ষ্যে সভাস্থল প্রস্তুত করা হচ্ছে।
দলীয় নেতারা আশা করছেন, এই জনসভা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে।