মাত্র পাঁচদিন পরই ভারতের ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নিশ্চিততা মিলেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আজ রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সভার পর ‘মেন ইন গ্রিন’রা বিশ্বকাপে অংশ নেবে কি না সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের তথ্য অনুযায়ী, সোমবার ঘোষণার কথা থাকলেও রোববারই সিদ্ধান্ত জানানো হতে পারে। পিসিবি ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনাও করেছে। যদি কোনো কারণে পাকিস্তান বিশ্বকাপে খেলতে না পারে, তাহলে চারটি দলের অংশগ্রহণে লাহোরে একটি স্থানীয় টুর্নামেন্ট আয়োজন করা হবে। এতে পাকিস্তানের জাতীয় দল, শাহিনস এবং অনূর্ধ্ব-১৮ দলকে নিয়ে ক্রিকেটারদের ভাগ করা হবে চারটি দলে।
বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের পেছনে মূল প্রেক্ষাপট শুরু হয়েছিল আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করলে কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দেয়। এই ঘটনা নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট দল ও সমর্থকদের মধ্যে। বাংলাদেশ তখন দাবি করেছিল, তাদের বিশ্বকাপ ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। কিন্তু আইসিসি সেক্ষেত্রে সাড়া না দিয়ে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।
এরপর পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি শেষ সিদ্ধান্তের দায়িত্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ওপর রেখেছেন। গত ২৬ জানুয়ারি এই নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার বা আজকে জানানো হতে পারে।