জাপানের উত্তরাঞ্চলে টানা ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জন মারা গেছেন। এএফপি বার্তা সংস্থা দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন ৯১ বছর বয়সী এক বৃদ্ধা, যাকে তার নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার পড়ে তিনি শ্বাসরোধে মারা গেছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো আওমোরি। সেখানে উদ্ধার ও তুষার পরিষ্কারের কাজে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। কিছু দুর্গম এলাকায় তুষারের উচ্চতা এখনো প্রায় সাড়ে চার মিটার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকে তুষারজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০-এ পৌঁছেছে। জাপান সাগর উপকূলে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে। আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছেন, একা বসবাসকারী বয়স্কদের সহায়তা ও তুষার পরিষ্কারের জন্য সামরিক বাহিনীকে সাহায্যের জন্য আনা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, তুষারের ভারে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানি হতে পারে।