পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। উত্তরের শীতল বাতাসের প্রভাবে এলাকায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। জীবিকার প্রয়োজনে বাইরে কাজ করতে গিয়ে কনকনে ঠান্ডায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আরও তীব্র হয়ে উঠেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। আজ এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা এক সপ্তাহ ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। মূলত, উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।