দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পী। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে থাকা রিফাত চিকিৎসার ব্যয় নিয়ে আর্থিক সংকটের কথাও জানিয়েছেন।
এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য তিনি আর্থিক সহায়তা করেছেন।
জায়েদ খান বলেন, বিপদের সময় শিল্পীদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় শিল্পীদের সহযোগিতা করার চেষ্টা করেন বলেও জানান তিনি। তাঁর মতে, শিল্পীসমাজ সম্মিলিতভাবে এগিয়ে এলে চিকিৎসার ব্যয় নিয়ে কোনো শিল্পীকে সংকটে পড়তে হবে না।
রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশের পর তাঁর চিকিৎসা ও আর্থিক পরিস্থিতি নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই জায়েদ খানের সহায়তা তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে কিছুটা সহযোগিতা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি ‘ভায়োলেন্স’ নামে নতুন একটি সিনেমার শুটিং শিগগিরই শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।