সারা দেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে হাম উপসর্গে ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ২১২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।