জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৮টা ২১ মিনিটে তাঁকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
চার দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক, ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং চারটি উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠক ছিল।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শান্তি, গণতন্ত্র, মানবিক সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সফরকালে ডা. জুবাইদা রহমানও আটটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। জাতিসংঘের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান ছিল এর মধ্যে উল্লেখযোগ্য।