কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তার দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে একদিকে দাবি করেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি; আবার বলেছেন, চাঁদা চাইলে তিনি তা দিতেন। একই বক্তব্যে বিএনপিকে চাঁদাবাজ দল বলার বিষয়টিও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, এ ধরনের ঢালাও অভিযোগের কোনো ভিত্তি নেই।
নিজের দিকেও আঙুল তোলা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতার কারণে তাকে উদ্দেশ করে যে কেউ বক্তব্য দিতে পারেন। তবে তার প্রশ্ন, সালমান মুক্তাদির এসব অভিযোগের বিষয়ে কোনো মামলা করেছেন কি না।
স্টুডিওতে হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির আক্রান্ত হয়েছেন—এটি তারা দেখেছেন। ঘটনার একটি প্রাথমিক তদন্ত করা হয়েছে। তবে সেটি খুবই সংক্ষিপ্ত হওয়ায় বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করা প্রয়োজন।
তিনি জানান, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে খুব শিগগিরই মামলা হতে পারে।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে তাদের আটক করা হয়।