কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর তার সাহস ও সংযমের প্রশংসা করেছেন সাংবাদিক শহিদুল আলম।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহিদুল আলম বলেন, তিনি দেশে থাকলে সালমানের স্টুডিওতে গিয়ে তার সাহস ও সংযমের জন্য তাকে জড়িয়ে ধরতেন। একই সঙ্গে সালমানকে শক্ত থাকার আহ্বান জানান তিনি।
শহিদুল আলম বলেন, শুধু সালমানের সাহসিকতার প্রশংসা করলেই বিষয়টি শেষ হওয়া উচিত নয়। ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজির সংস্কৃতির অবসান প্রয়োজন। যারা এর বিরুদ্ধে দাঁড়ান, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি।
এর আগে স্টুডিওতে হামলার পর দেওয়া ভিডিওবার্তায় সালমান মুক্তাদির বলেন, হামলায় স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি ভেঙে পড়েননি। গত ১২ বছরে ছোট একটি কক্ষ থেকে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধাক্কা তাকে আরও বড় কিছু করার পথ থেকে সরাতে পারবে না।