মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে তার পাশে দাঁড়িয়েছেন ভক্তদের পাশাপাশি ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা।
সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হন ক্যাটরিনা। এ সময় সাদা সালোয়ার-কামিজে তার কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের একাংশ তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করেন।
তবে এসব মন্তব্যের সমালোচনা করে অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পক্ষে কথা বলেন। তিনি বলেন, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। মাতৃত্বের পর শরীর আগের অবস্থায় ফিরতে সময় লাগে—এটিই স্বাভাবিক পোস্টপার্টাম রিকভারি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। এরপর থেকে অভিনয় থেকে বিরতিতে রয়েছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্রিসমাস’ ছিল তার সর্বশেষ সিনেমা। চলতি বছর এখনো নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।
এদিকে শারীরিক পরিবর্তন নিয়ে শুরু হওয়া বিতর্কে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা।