সাব-রেজিস্ট্রারদের পদায়নে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির সুযোগ কমাতে লটারির পদ্ধতি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয়ে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ঢাকায় ১৮ জন সাব-রেজিস্ট্রার নির্বাচন করা হয়।
আইনমন্ত্রী বলেন, যেসব পদকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, পর্যায়ক্রমে সেসব জায়গাতেও লটারির মাধ্যমে পদায়ন করা হবে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ কমবে এবং সংশ্লিষ্ট এলাকার অনিয়মের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করা হবে।
তিনি জানান, বর্তমানে সারাদেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন এবং প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। ‘এ ক্যাটাগরি’র ১৩১ জন কর্মকর্তার মধ্য থেকে লটারিতে ঢাকার জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।
আইনমন্ত্রী স্পষ্ট করেন, এই পদ্ধতি নিয়োগের ক্ষেত্রে নয়, কেবল পদায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। উদ্যোগটি ভবিষ্যতে মূল্যায়ন করে দুর্নীতি কমাতে প্রয়োজনীয় আরও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।