যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভুল তথ্য বা জাল নথি দিলে ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর আগের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে থাকতে পারে। তাই কোনো তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার চেষ্টা না করে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, মিথ্যা তথ্য দেওয়া কিংবা জাল নথি উপস্থাপন করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। এর গুরুতর পরিণতি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
এ কারণে ভিসা সাক্ষাৎকারে অতীতের অভিবাসন-সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় সব বিষয়ে সম্পূর্ণ সত্য ও নির্ভুল তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।