আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতে তাপমাত্রার তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এর আগে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ও যশোরে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সময়ে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনীতে।