বিনোদন জগতে আলোচনা-সমালোচনাকে স্বাভাবিকভাবেই দেখেন অভিনেত্রী আইশা খান। তার মতে, একজন শিল্পীর কাজকে ঘিরে যেমন প্রশংসা থাকবে, তেমনি সমালোচনাও থাকবে। আর এই বিষয়গুলোকে তিনি বিনোদন জগতের সংস্কৃতি ও কাজেরই একটি অংশ মনে করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইশা খান বলেন, ‘কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ বিষয়। আমার কাছে মনে হয়, এটাও এক ধরনের শিক্ষা। সবসময় যে আমি ভালো রেজাল্ট করব, ব্যাপারটা তো এমন নয়। গ্রাফ যখন উত্থান-পতনের মধ্য দিয়ে যায়, সেটাও দেখতে ভালো লাগে। আমাকে নিরহংকার থাকতে এটা সাহায্য করে।’
আলোচনা-সমালোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যে জায়গাটাতে কাজ করি, সেই জায়গাটার একটা সংস্কৃতি। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।’
আইশা খান জানান, সব ধরনের মন্তব্যে কান না দিয়ে তিনি মূলত গঠনমূলক সমালোচনাগুলোকে গুরুত্ব দেন। তার মতে, গঠনমূলক সমালোচনা একজন শিল্পীকে নিজের কাজের ভুল-ত্রুটি বুঝতে এবং পরবর্তীতে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে।
কাজ থেকে বাদ পড়া কিংবা কোনো কাজ প্রত্যাশামতো না হওয়াকেও নেতিবাচকভাবে দেখেন না আইশা। বরং এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের কাজের প্রতি আরও মনোযোগী হওয়ার চেষ্টা করেন তিনি। তার বিশ্বাস, ক্যারিয়ারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক এবং এই অভিজ্ঞতাগুলোই একজন শিল্পীকে আরও পরিণত করে।