বলিউডে নতুন এক জুটি হিসেবে পর্দায় আসতে চলেছেন দুই প্রজন্মের দুই তারকা সাইফ আলি খান ও কিয়ারা আদভানি। ভৌতিক-থ্রিলার ঘরানার একটি সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।
সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় চিত্রনাট্যকার কনিকা ঢিলন। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং।
সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, কনিকা ঢিলনের পরবর্তী সিনেমায় সাইফ আলি খান ও কিয়ারা আদভানিকে একসঙ্গে দেখা যাবে। এটি একটি থ্রিলারধর্মী গল্প, যেখানে থাকবে অতিপ্রাকৃত উপাদানও। দুই অভিনেতাকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে চিত্রনাট্য।
বর্তমানে কিয়ারা আদভানি ও সাইফ আলি খান দুজনেই একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিয়ারাকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এ। সিনেমাটিতে দক্ষিণী তারকা যশ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।
অন্যদিকে, সাইফ আলি খানের পরবর্তী সিনেমা ‘হাইওয়ান’। প্রিয়দর্শন পরিচালিত এই ক্রাইম থ্রিলারটি ২০১৬ সালের মালয়ালম হিট সিনেমা ‘ওপাম’-এর রিমেক। কেভিএন প্রডাকশন্স ও থেসপিয়ান ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
নতুন এই ভৌতিক-থ্রিলারে সাইফ ও কিয়ারার রসায়ন কেমন হয়, তা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য এখন অপেক্ষা দর্শকদের।