বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে ২২ আগস্ট শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২ আগস্ট বিকেল ৪টায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে। সপ্তাহব্যাপী এ আয়োজনে মোট ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খানের কালজয়ী চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। ২৩ আগস্ট বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।

২৪ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’ দেখানো হবে।

২৫ আগস্ট বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ প্রদর্শিত হবে। ২৬ আগস্ট বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’ প্রদর্শনের সূচি রয়েছে।

২৭ আগস্ট বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’ প্রদর্শিত হবে।

উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধু বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।

চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসবে শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জনকে সম্মাননা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডিএসসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি (উপসচিব)-কে আহ্বায়ক করে উৎসবের আয়োজন করা হচ্ছে। আয়োজক কমিটিতে রয়েছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তরসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও চলচ্চিত্রের সমৃদ্ধ উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের সম্মান জানানোর লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com