দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। একসময় পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবনের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন তারা। তবে সেই সম্পর্কের ইতি ঘটার পর দীর্ঘ সময় কেটে গেছে। এবার সেই দীর্ঘ বিরতি ভেঙে নতুন সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমে ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
ইতোমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং। শুটিং শেষ হওয়ার পর দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে ‘দেশু ৭’-এ কাজের অভিজ্ঞতা এবং পরিচালক হিসেবে দেবকে নতুন করে আবিষ্কারের কথা জানিয়েছেন অভিনেত্রী।
চিঠিতে শুভশ্রী লেখেন, “প্রিয় দেব, আজ ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারে অন্য একটি দিক আবিষ্কার করেছি।”
পরিচালক হিসেবে দেবের কাজের প্রশংসাও করেছেন শুভশ্রী। অভিনেত্রীর কথায়, শুরুতে দেবের ভিশন ও মেধা দেখে তাঁর কিছুটা ঈর্ষা হয়েছিল। তবে ধীরে ধীরে সেই অনুভূতিই বদলে যায় অনুপ্রেরণায়। অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের বিভিন্ন দিক যেভাবে দেব আয়ত্ত করেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে বলে মনে করেন তিনি।
শুভশ্রীর বিশ্বাস, ‘দেশু ৭’ মুক্তির পর দর্শক একজন নতুন ধরনের নির্মাতা দেবকে দেখতে পাবেন। তাঁর মতে, এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন দক্ষ ও সম্ভাবনাময় নতুন যুগের পরিচালককে পেতে চলেছে।
‘দেশু ৭’ সিনেমাটি পরিচালনা করেছেন দেব নিজেই। এতে দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।
সবকিছু ঠিক থাকলে আগামী দুর্গাপূজায়, ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশু ৭’। দীর্ঘ ১১ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন এবং দেবের পরিচালনায় নতুন এই সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।