নতুন সিনেমার শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরিচালক কবীর খানের পরিচালনায় নির্মিতব্য একটি সিনেমার গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।
দুর্ঘটনার পর দ্রুত তাকে মুম্বাইয়ের মাহিম এলাকার ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের পর কার্তিককে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানা গেছে।
কবীর খানের এই ক্রীড়াভিত্তিক সিনেমায় একজন কোচের চরিত্রে অভিনয় করছেন কার্তিক। গল্পে তাকে কাশ্মীরের এক কিশোরীকে কিকবক্সিং প্রশিক্ষণ দিতে দেখা যাবে। বাস্তব জীবনের ক্রীড়াবিদ তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে মুম্বাই ও কাশ্মীরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।
কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ক্রীড়াভিত্তিক সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা। নতুন সিনেমাটিতেও এই জুটির কাজ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।