ঢালিউডের বর্তমান সময়ের কাজের ধরন, পেশাদারিত্ব ও কারিগরি মান নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র ও কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি দেশীয় সিনেমার বর্তমান প্রেক্ষাপট এবং কারিগরি টিমের দক্ষতার প্রশংসা করেন।
অপু বিশ্বাস বলেন, “বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পারসন আছেন, তারা অত্যন্ত মেধাবী। নাহলে আমরা কিংবা আমাদের আগের-পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়। তাই সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তোলা এবং আপডেট রাখাটাও খুব জরুরি।”
পেশাদারিত্ব ও পরিকল্পনার বিষয়ে এই অভিনেত্রী বলেন, বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনাল। যে কাজই করা হোক না কেন, সেখানে শতভাগ ডেডিকেশন থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
সিনেমা নির্মাণে অতীতের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আগে বিভিন্ন কারণে লোকেশনসহ অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো। তবে বর্তমানের নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করতে চায় না। তারা কাজের মান ও গল্পের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তার মতে, বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে এমন অদম্য মনোযোগ, দক্ষতা ও পেশাদার মানসিকতার বিকল্প নেই। দেশীয় টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও বিশেষভাবে উল্লেখ করে অপু বিশ্বাস জানান, চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারা সত্যিই প্রশংসনীয়।
দেশীয় চলচ্চিত্রের কারিগরি দক্ষতা, পরিকল্পনা ও নির্মাণের মান সময়ের সঙ্গে আরও উন্নত হচ্ছে—এমন পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।