দক্ষিণী সংগীত জগতের জনপ্রিয় সুরকার-গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র ও সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারানের প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই তারকা জুটিকে নিয়ে চর্চা চলছে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর, আবার কখনো বিয়ের গুঞ্জন—সব মিলিয়ে অনিরুদ্ধ-কাব্যার সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
এবার সেই জল্পনাতেই যোগ হয়েছে নতুন তথ্য। ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, আগামী ১০ নভেম্বর গ্রিসে বিয়ে করতে পারেন অনিরুদ্ধ রবিচন্দ্র ও কাব্যা মারান। তবে গ্রিসের ঠিক কোন স্থানে তাদের বিয়ের আয়োজন হতে পারে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
গত জুনে অনিরুদ্ধের আত্মীয় ও বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্রের একটি মন্তব্যও এই গুঞ্জনে নতুন করে ইন্ধন জোগায়। তিনি জানিয়েছিলেন, অনিরুদ্ধের পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের বিষয়টি জানানো হয়েছে। খুব শিগগিরই রাজকীয় আয়োজনে অনিরুদ্ধের বিয়ে হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
অবশ্য অনিরুদ্ধ ও কাব্যার বিয়ের গুঞ্জন এবারই প্রথম নয়। ২০২৫ সালেও তাদের প্রেম ও বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল। এমনকি সে সময় রজনীকান্ত কাব্যার বাবা কালানিথি মারানের সঙ্গে বিয়ের বিষয়ে দেখা করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছিল।
তবে সেই গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন অনিরুদ্ধ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, “বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।”
কিন্তু এবার নভেম্বরের সম্ভাব্য বিয়ের তারিখ সামনে আসতেই ফের সরগরম অনিরুদ্ধ-কাব্যাকে ঘিরে আলোচনা। যদিও এখনো পর্যন্ত দুজনের কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
তাই ১০ নভেম্বর সত্যিই কি গ্রিসে বসতে চলেছে অনিরুদ্ধ ও কাব্যার বিয়ের আসর, নাকি এটিও আগের মতোই নিছক গুঞ্জন—সেটাই এখন দেখার বিষয়।