সরকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত দেশে অবস্থান করে তিনি শিক্ষা খাতের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন।
সফরে সবার জন্য মানসম্মত ও বৈষম্যহীন শিক্ষার সুযোগ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের পরিস্থিতি পর্যালোচনা করবেন ফরিদা শহীদ। পাশাপাশি এ খাতে অগ্রগতি, ইতিবাচক উদ্যোগ ও বিদ্যমান চ্যালেঞ্জগুলোও তুলে ধরবেন তিনি।
বাংলাদেশে থাকাকালে সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার।
সফর শেষে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবেন তিনি। ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে প্রতিবেদনটি উপস্থাপনের কথা রয়েছে।